জাতীয় চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

সময়ের চিত্র রিপোর্ট:

রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির পশুর হাটে অদ্ভুত চেহারা ও মাথার সোনালি রঙের চুলের কারণে ব্যাপক আলোচনায় আসা এই মহিষটি শেষ পর্যন্ত কোরবানি না হয়ে সংরক্ষণের জন্য চিড়িয়াখানায় নেওয়া হয়েছে।

মহিষটির মুখাবয়ব ও চুলের ধরনে যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে কিছুটা মিল থাকায় মালিকপক্ষ এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি পশুর হাটে প্রদর্শনের পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সূত্র জানায়, বিরল অ্যালবিনো প্রজাতির এই মহিষটির বিশেষত্ব বিবেচনায় কোরবানি স্থগিত করা হয়। পরবর্তীতে সরকারের উদ্যোগে প্রাণীটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

চিড়িয়াখানার সেড নম্বর ৭-এ মহিষটিকে রাখা হয়েছে। ঈদুল আজহার দিন থেকেই দর্শনার্থীরা এটি দেখতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি দেখতে শান্ত মনে হলেও সম্পূর্ণ নিরীহ নয় বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাই দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রাণীটি দেখার অনুরোধ জানানো হয়েছে।

খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রায় এক বছর আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে গোলাপি আভাযুক্ত এই বিরল মহিষটি সংগ্রহ করা হয়। পরে এর ব্যতিক্রমী চেহারার কারণে মানুষের আগ্রহ বাড়তে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মহিষটি দেখতে ভিড় করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসায় মহিষটি আরও পরিচিতি পায়।

এই বিভাগের আরো খবর