বগুড়া পেল নতুন সিটি করপোরেশন, গঠিত হচ্ছে আরও ৫ উপজেলা

সময়ের চিত্র ডেস্ক:

দেশে নতুন করে একটি সিটি করপোরেশন ও পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত নিকারের ১২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে কয়েকটি বড় উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গঠিত উপজেলাগুলো হলো—

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে ‘মোকামতলা’

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে ‘মাতামুহুরী’

ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’

লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’

বর্তমানে দেশের আটটি বিভাগের অধীনে মোট ১৩টি সিটি করপোরেশন রয়েছে। নতুন সংযোজন বগুড়া সিটি করপোরেশন। এর আগে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিকে নতুন উপজেলা যুক্ত হওয়ায় দেশে উপজেলার সংখ্যা আরও বৃদ্ধি পেল। উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এর আগে সর্বশেষ মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁও এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা গঠন করা হয়েছিল।

এই বিভাগের আরো খবর