মাইলস্টোন বিমান দুর্ঘটনা

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

মামলার আবেদনে যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রশাসনিক প্রিন্সিপাল মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান এবং রাজউকের উত্তরা অঞ্চলের এক ফিল্ড সুপারভাইজার।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।

পরে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি ৫ নভেম্বর তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে।

এই বিভাগের আরো খবর