চরফ্যাশনে নিজের ঘরে গণধর্ষণের শিকার এক নারী 

১০ দিনেও অভিযুক্তদের ধরেনি পুলিশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে নিজের বসত ঘরে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় ২৪ এপ্রিল থানায় মামলা করা হয়েছে। তবে ১০ দিনেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপর দিকে মামলা করে চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন ভিকটিম ও তার পরিবার।

সোমবার ভিকটিম ও তার স্বজনরা স্থানীয় সাংবাদিকদের জানান, গত ২০ এপ্রিল চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চরকচ্ছপিয়া বাজারের কাছে এক নারী নিজ ঘরে গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার তিনদিন পর ২৪ এপ্রিল ভিকটিম বাদি হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৯/৪৫ তারিখ ২৪/০৪/২০২৬। মামলায় একই এলাকার রিয়াজ (২৫), জাকির (২৪), মফিজ (২৭), নুরুউদ্দিন (২৬) এবং আল আমিন (২৫)কে আসামি করা হয়।

ভুক্তভোগী নারী পুলিশের কাছে লিখিত অভিযোগে বলেন, তিনি চরকচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে বসবাস করতেন। স্বামী চট্টগ্রাম কাজ করেন। ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত রিয়াজ ঘরের সামনে এসে তাকে ডাকে। ডাক শুনে দরজা খুলে দেওয়ার সাথে সাথে অভিযুক্তরা তার মুখে কাপড় চেপে ধরে। এর পর আর তার কিছু মনে নেই। রাত ৩ টার দিকে জ্ঞান ফিরলে দেখেন বিবস্ত্র অবস্থায় তিনি ঘরের মেঝেতে পড়ে আছেন। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
এঘটনায় ২৪ এপ্রিল তিনি বাদি হয়ে চরফ্যাশন দক্ষিণ আইচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত সকলে বখাটে এবং মাদকাসক্ত। গণধর্ষণের সময় ওরা ভিডিও করেছিল। পরে ওই ভিডিওকে পুঁজি করে ভুক্তভোগী পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। পরবর্তীতে ঘটনার তিনদিন পর ২৪ তারিখ পরিবার দিশেহারা হয়ে প্রশাসনের দারস্ত হয়ে মামলা দায়ের করেন। কিন্তু অভিযোগ ওঠেছে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিয়ে । এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে ভুক্তভোগী পরিবার একটি রাজনৈতিক চক্রের প্রভাবে অসহায় দিন কাটাচ্ছে।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে ।

এই বিভাগের আরো খবর