২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। চলমান পরিস্থিতিতে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৫৬ জন রোগী।

সোমবার (৪ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে আরও ১৫ শিশুর মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ১১ শিশুর প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ঢাকা জেলাতেই মারা গেছে ৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে আরও ৫২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০২ জনের শরীরে হাম রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। একই সময়ে পরীক্ষায় নতুন করে ১৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মোট নিশ্চিত রোগীর সংখ্যা এখন ৫ হাজার ৪৬৭।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

এই বিভাগের আরো খবর