সময়ের চিত্র ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মহান মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ইসলামের আদর্শকে সামনে রেখে রাজনীতি করে। তিনি দাবি করেন, দলটি কখনো জনগণের সঙ্গে প্রতারণা বা ধোঁকাবাজির রাজনীতি করে না।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজনে ক্ষমতা ছাড়তে পারে, তবে ক্ষমতার স্বার্থে ইসলামের আদর্শ বিসর্জন দেবে না।
সমাবেশে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ফয়জুল করীম বলেন, কার পরিবারের কে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা উচিত। এতে জাতির মধ্যে বিভ্রান্তি কমবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, সংসদে আবারও মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুকে সামনে এনে পুরোনো বিতর্ক উসকে দেওয়া হচ্ছে, যা জাতির জন্য বিভ্রান্তিকর বলে তিনি মনে করেন।