সিলেট প্রতিনিধি :
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পাম্প মালিকরা। প্রশাসনের পক্ষ থেকে ‘অযৌক্তিক জরিমানা’ ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুলে এ কর্মসূচির কথা জানানো হয়।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি-র নেতারা।
সংগঠনের নেতারা জানান, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার ঘনঘন তদারকি, পুলিশ মোতায়েন এবং কয়েকটি পাম্পে বড় অঙ্কের জরিমানা আরোপের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের পেট্রোল পাম্পের পাশাপাশি সিএনজি ও এলপিজি স্টেশনও স্বাভাবিকভাবে পরিচালনা করা মালিকদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
পাম্প মালিকদের অভিযোগ, প্রশাসনের কড়াকড়ি নজরদারি ও আর্থিক জরিমানা তাদের ব্যবসা পরিচালনায় বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতির সমাধান চেয়ে বুধবার সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিলেন। তবে রাত পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় বৈঠক শেষে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
পাম্প মালিকরা আরও বলেন, সরকার চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় এসব পাম্প পরিচালনা করতে পারে, এতে তাদের আপত্তি নেই। তবে বিদ্যমান পরিস্থিতিতে তারা পাম্প চালু রাখতে অনিচ্ছুক।
এ ঘোষণার ফলে সিলেট বিভাগজুড়ে জ্বালানি সরবরাহে অচলাবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।