রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণহানি ২৯

সময়ের চিত্র ডেস্ক:

অধিকৃত ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব ২৯ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নিয়মিত ফ্লাইটে থাকা এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে হঠাৎ করে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থল শনাক্ত করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানে থাকা ৬ জন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী—কেউই বেঁচে নেই।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ধারণা, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তাদের দাবি, বিমানে বাহ্যিক হামলা বা সংঘর্ষের কোনো স্পষ্ট চিহ্ন এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বিমানটি ক্রিমিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়, এরপর থেকেই অঞ্চলটি আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এই বিভাগের আরো খবর