যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরের একটি বৃহৎ তেল শোধনাগারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সংঘটিত এই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, স্থানীয় প্রশাসন আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।

ঘটনাস্থলটি পরিচালনা করে মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শোধনাগার থেকে বিশাল আগুনের শিখা আকাশে উঠে যাচ্ছে এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।

পোর্ট আর্থার সিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, শোধনাগারটিতে প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এখান থেকে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন করা হয়।

এই বিভাগের আরো খবর