‘ভুলে’ নিজ দেশের নাগরিক হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

লেবানন সীমান্তে হামলা চালানোর সময় লক্ষ্যভ্রষ্ট গোলার আঘাতে নিজ দেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত ব্যক্তির নাম ওফার মস্কোভিৎস (৬০)।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলের মিসগাভ আম এলাকায় এ ঘটনা ঘটে। তদন্তে জানা যায়, লেবাননের দিকে গোলাবর্ষণ করছিল একটি গোলন্দাজ ইউনিট। এ সময় ছোড়া কয়েকটি গোলা নির্ধারিত লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়ে ইসরায়েলের ভেতরেই আছড়ে পড়ে, যার একটি ওই কিবুতজ এলাকায় বিস্ফোরিত হয়।

প্রাথমিকভাবে সেনাবাহিনী দাবি করেছিল, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে পরবর্তী তদন্তে সেই দাবি ভুল প্রমাণিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এটি ছিল নিজেদের গোলাবর্ষণের ভুলের ফল।

ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়, যেখানে গোলন্দাজ ইউনিটের ত্রুটিই মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। পাল্টাপাল্টি হামলার জেরে লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে, পাশাপাশি বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরো খবর