দক্ষিণ কোরিয়ায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

সময়ের চিত্র ডেস্ক:

দেজন শহরের একটি অটো পার্টস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুরে ‘আনজুন ইন্ডাস্ট্রিয়াল’ নামের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজনের মরদেহ ভবনের তৃতীয় তলার একটি জিম থেকে এবং বাকিদের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে শত শত দমকলকর্মী, পুলিশ ও জরুরি সেবা সদস্য মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়।

আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ভবনের কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়। ফলে শুরুতে উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণে এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উদ্ধারকাজে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার নির্দেশ দেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত না হলেও কারখানার ভেতর থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থের উপস্থিতির তথ্য পাওয়া গেছে, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ তদন্ত দল কাজ শুরু করেছে। পাশাপাশি কারখানার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরো খবর