নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক চার লেনে উন্নীত করার কাজ গাছ না কেটেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এ সিদ্ধান্তে প্রায় তিন হাজার গাছ সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন মন্ত্রণালয় দ্রুত বিকল্প পরিকল্পনায় কাজ শুরু করে।
গত ২১ এপ্রিল মেরিন ড্রাইভ এলাকায় সরেজমিন পরিদর্শনে যান সড়ক পরিবহন, সেতু ও রেলমন্ত্রী রবিউল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ককে চার লেনে উন্নীত করার কাজ চলছে। প্রাথমিক পরিকল্পনায় বিপুলসংখ্যক গাছ অপসারণের বিষয় থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশের ক্ষতি কমিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নতুন নকশা অনুযায়ী কাজ পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সড়কের সৌন্দর্য ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য বাড়াতে দুই পাশে নতুন গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। এতে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি রেজু খালের ওপর ৩০৫ মিটার দীর্ঘ দুই লেনের সেতু নির্মাণ, আরসিসি রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপন এবং প্রয়োজনীয় ইউটিলিটি স্থানান্তরের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে এ উদ্যোগ ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠতে পারে।