দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে হামলা: ইসরায়েলকে দায়ী করে পাল্টা হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত ইরানের দক্ষিণ পারস এলাকায় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

বুধবার সংঘটিত একাধিক ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, এ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম বাড়তে শুরু করেছে।

এদিন বিকেলে কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা জানিয়েছে, হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে সৌদি আরব দাবি করেছে, রিয়াদের দিকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। পাশাপাশি পূর্বাঞ্চলের একটি গ্যাস স্থাপনাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলার চেষ্টাও নস্যাৎ করা হয়েছে।

দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রটি পারস্য উপসাগরজুড়ে বিস্তৃত এবং এটি ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে থাকে। এটিকে বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র হিসেবে ধরা হয়।

এ ঘটনায় কাতার একদিকে দক্ষিণ পারসে হামলার জন্য ইসরায়েলের সমালোচনা করেছে, অন্যদিকে নিজ দেশের স্থাপনায় হামলার জন্য ইরানের নিন্দা জানিয়েছে। দোহা এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইতোমধ্যে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে।

এই বিভাগের আরো খবর