সময়ের চিত্র ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) ভোরে সীমান্তের শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল হোসেন ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
এদিকে স্থানীয় এক ইউপি সদস্য দাবি করেছেন, উজ্জ্বল হোসেন সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ঘটনার সময় তিনি অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন।
তবে এ ঘটনায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।