সময়ের চিত্র ডেস্ক:
ঈদকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র—কাউন্টারে বাস নেই, টিকিটও মিলছে না; অথচ যাত্রীদের দীর্ঘ সারি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে টার্মিনাল এলাকায় এমন ভিড় ও দুর্ভোগ দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক যাত্রী টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
যাত্রীদের দাবি, সীমিতসংখ্যক বাস চলাচল করায় সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ দিয়েও টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের।
ময়মনসিংহগামী এক যাত্রী জানান, স্বাভাবিক ভাড়ার তুলনায় কয়েকগুণ বেশি টাকা চাওয়া হচ্ছে। অন্যরাও একই অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
তবে কাউন্টার সংশ্লিষ্টদের দাবি, অতিরিক্ত যাত্রীর চাপ ও বাসের স্বল্পতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।