এই সংসদ জনগণের প্রত্যাশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

সময়ের চিত্র রিপোর্ট:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান জাতীয় সংসদ দেশের জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।

তিনি বলেন, দেশের মানুষ এই সংসদের কার্যক্রমের দিকে গভীর আগ্রহ ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।

বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের বক্তব্যের পর দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্পিকার এখন আর কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন না; তিনি পুরো সংসদের অভিভাবক। তাই সংসদের কার্যক্রম পরিচালনায় তার নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার সীমিত ছিল এবং সংসদের কার্যক্রমও প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে বর্তমান সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হওয়ায় এটি সত্যিকারের জনগণের সংসদ হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়; বরং যুক্তি, আলোচনা ও গঠনমূলক বিতর্কের মাধ্যমে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে হবে। এজন্য সরকার ও বিরোধী উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বক্তব্যের শেষে নতুন দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

 

এই বিভাগের আরো খবর