নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় ছিনতাইকারীরা তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং পাসওয়ার্ড আদায় করতে তাকে মারধর করে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের শহীদ ফাইয়াজ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তিনজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে তার পথরোধ করে। তারা তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, প্রায় ২০ হাজার টাকা থাকা মানিব্যাগ এবং হাতঘড়ি ছিনিয়ে নেয়। পরে মোবাইলের পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত ও ঘুষি মেরে তাকে আহত করা হয়। বাধ্য হয়ে তিনি পাসওয়ার্ড জানালে ছিনতাইকারীরা অটোরিকশায় করে দ্রুত সরে পড়ে।
ঘটনার পর আহত অবস্থায় তাকে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন দুদকের উপসহকারী পরিচালক (ডিএডি) জাবেদ হোসেন সজল, যিনি মহাপরিচালকের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো জড়িতদের শনাক্ত করা যায়নি, তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার তথ্যে আরও বলা হয়েছে, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ট্র্যাক করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাজমহল রোড এলাকায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন ২০২৪ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।