সময়ের চিত্র ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি জানান, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন, তা পরবর্তীতে আরও শক্তিশালী ও সময়োপযোগী করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়েই তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সম্ভব।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে জিয়াউর রহমান ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালে গঠন করা হয় মহিলাবিষয়ক মন্ত্রণালয়। পরে খালেদা জিয়ার নেতৃত্বে সেটি বর্তমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়।
রাষ্ট্রপতি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের সহায়তার জন্য সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। আগামী ১০ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচি পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে ঘর ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে গৃহস্থালির কাজের অবদান প্রায় ১৬ শতাংশ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প-সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ বিভিন্ন খাতে নারীদের অবদান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয় বেগম খালেদা জিয়াকে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এই সম্মাননা তার পক্ষে গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন ভূমিকা এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর মোট পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা ।