পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পূর্বে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে।

বুধবার সকালে বনানী সামরিক কবরস্থান-এ ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করে সরকার বলছে—ঘটনার যথাযথ বিচার সম্পন্ন করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি মন্তব্য করেন, এই হত্যাকাণ্ড ছিল রাষ্ট্র ও সেনাবাহিনীকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ সেনাসদস্যদের স্মরণ করা হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারীদের জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পিলখানার ঘটনা বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পিলখানা হত্যাকাণ্ড-সংক্রান্ত বিষয়গুলো কমিশনের সুপারিশের আলোকে পুনর্মূল্যায়ন ও বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিভাগের আরো খবর