চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসনে মতবিনিময় সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে এক মতবিনিময় সভা  সোমবার (২৩ ফ্রেরুয়ারি) চরফ্যাশন উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় চরফ্যাশন শহরের প্রধান সড়কগুলোতে ক্রমবর্ধমান যানজট, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং অবৈধ স্থাপনা ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত বক্তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ বৃদ্ধি, নিন্দিষ্ট স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যৌথ অভিযান পরিচালনার প্রস্তাব দেন।

মতবিনিময় সভা শেষে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়, যাতে চরফ্যাশনবাসী একটি নিরাপদ ও যানজটমুক্ত পরিবেশে বসবাস করতে পারেন।

এই বিভাগের আরো খবর