শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সোহান নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণ ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ভোররাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও ছাউনি উড়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে রাসায়নিক উপাদান ও বোমা তৈরির সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং পুলিশ নজরদারি জোরদার ছিল। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত ঘর ও তার কাছাকাছি একটি যুবকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘরের ভেতর থেকে বোমা তৈরির আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।