ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে ফের গোলাগুলি, আতঙ্কে কারাকাস

সময়ের চিত্র ডেস্ক :

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেসের আশপাশে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে প্রাসাদসংলগ্ন এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়, যা নতুন করে আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয় সূত্র জানায়, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজ শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাত আনুমানিক ৮টার দিকে প্রাসাদের আকাশসীমায় কয়েকটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর প্রাসাদের নিরাপত্তা বাহিনী সতর্কতামূলকভাবে গুলি ছোড়ে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও রাতের এই ঘটনার কারণে রাজধানীর মধ্যাঞ্চলে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শনিবারের সাম্প্রতিক সামরিক অভিযানের মতো তীব্র না হলেও তা পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানান, প্রায় এক মিনিট ধরে টানা গুলির শব্দ শোনা গেছে। তিনি বলেন, আকাশে কোনো উড়োজাহাজ চোখে পড়েনি, তবে দুটি লালচে আলোর ঝলকানি দেখা যায়, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশে গুলির আলোর রেখা দেখা যায় এবং গোলাগুলির পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্রুত প্রাসাদের দিকে এগিয়ে যেতে দেখা গেছে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে দেশ থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সেই প্রেক্ষাপটে প্রাসাদের আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ ও গোলাগুলির ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও, বিশ্লেষকরা বলছেন—বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শনিবারের অভিযানের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই প্রেসিডেন্ট প্রাসাদের ওপর রহস্যময় ড্রোন উড্ডয়ন ও পাল্টা গোলাগুলির ঘটনা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ভঙ্গুর চিত্রই তুলে ধরছে।

এই বিভাগের আরো খবর