নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় প্রাণ গেল অন্তত ৫০ জনের

সময়ের চিত্র ডেস্ক :

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি ব্যস্ত বাজারে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়, শনিবার ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হঠাৎ করে হামলা চালায় একটি সশস্ত্র চক্র। হামলাকারীরা বাজারে উপস্থিত সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় কয়েকজনকে অপহরণ করা হয় এবং বাজারের খাদ্যসামগ্রী লুট করে নেওয়া হয়।

আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। তিনি নিরাপত্তা বাহিনীকে দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি হামলার সময় অপহৃত ব্যক্তিদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

প্রেসিডেন্ট টিনুবু বলেন, হামলাকারীরা দেশের নিরাপত্তা ও ঐক্যকে চ্যালেঞ্জ করছে এবং তাদের অপরাধের জন্য কঠোর মূল্য দিতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নাইজার রাজ্যে একের পর এক সশস্ত্র হামলার ঘটনা ঘটছে। গত বছরের ২১ নভেম্বর পাপিরি এলাকায় একটি বেসরকারি ক্যাথলিক বিদ্যালয় থেকে ৩১৫ জনকে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের অনেককেই মুক্ত করা সম্ভব হয়।

এই বিভাগের আরো খবর