সরবরাহ সংকটে

শীতকালেও চড়া সবজির বাজার, বেড়েছে মুরগির দাম

শীতকালীন সবজির ভরা মৌসুম হলেও রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে সবজির দাম। কুয়াশাজনিত সরবরাহ ঘাটতির কারণে সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগিও, যদিও পেঁয়াজ ও আলুর বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

সময়ের চিত্র ডেস্ক:

বছরের শুরুতেই বাজারে নিত্যপণ্যের দামে চাপ বাড়তে শুরু করেছে। শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে বিভিন্ন অঞ্চল থেকে সবজি পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা, শিম ৬০-৮০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, পটোল ১০০ টাকা এবং বরবটি ১০০ টাকায়। ফুলকপি প্রতি পিস ২৫-৩০ টাকা ও বাঁধাকপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দামও বেড়েছে। খুচরা বাজারে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকা বেশি।

পেঁয়াজ ও আলুর বাজারে বড় কোনো পরিবর্তন নেই। দেশি পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা কেজিতে, নতুন মুড়িকাটা ও আমদানি করা পেঁয়াজের দাম প্রায় ৬০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে।

এদিকে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৭০ টাকায়, সোনালি মুরগি ২৭০ টাকা এবং লাল লেয়ার মুরগি ২৮০ টাকায়। তবে ডিমের বাজার কিছুটা স্বস্তিদায়ক—ফার্মের ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা থাকলেও ইলিশ ও চিংড়ির দাম এখনো বেশি। বিক্রেতারা বলছেন, শীত মৌসুমে নদীতে মাছ কম ধরা পড়ায় আড়তে দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।

এই বিভাগের আরো খবর