খালেদা জিয়ার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

সময়ের চিত্র ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে ইন্তেকাল করেন। পোস্টে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, দলের নেত্রীকে হারিয়ে তারা শোকাহত।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। তিনি ফেসবুক পোস্টে মরহুমার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক শোকবার্তায় মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের জন্য ধৈর্য প্রার্থনা করেন।

এ ছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এক পোস্টে জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক ও শ্রদ্ধা জানানো অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর