হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগে পৌঁছে সেখানে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অবরোধ চলাকালে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির’, ‘আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। প্রয়োজনে শাহবাগেই রাত কাটানোর ঘোষণাও দেন তিনি। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

এই বিভাগের আরো খবর