প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

সময়ের চিত্র ডেস্ক:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর জমা দেওয়া পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাঁদের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়।

এই তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। এর আগে কয়েক মাস আগে অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেন।

সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল ইনকিলাব মঞ্চ। গত ২০ ডিসেম্বর শাহবাগে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে তাঁদের পদত্যাগের দাবি জানানো হয়।

এর পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জনমনে উদ্বেগ ও আলোচনা চলছিল। এমন প্রেক্ষাপটেই রাতে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের খবর আসে। তবে তিনি ঠিক কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর