সময়ের চিত্র ডেস্ক:
দীর্ঘদিন পর দেশে ফেরার যাত্রায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে তিনি বিমানবন্দরে উপস্থিত হন।
এর আগে রাত ৮টা ৫ মিনিটে তিনি সপরিবারে লন্ডনের নিজ বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
প্রায় সাড়ে সতেরো বছর পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে স্মরণকালের বৃহৎ সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি নেতাকর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের, যেখানে তাকে কেন্দ্র করেই আয়োজন করা হবে বিশাল সংবর্ধনা।