ভোটের দিন যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে: সিইসি

সময়ের চিত্র ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত কাছে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ততই স্বাভাবিক ও উন্নত হবে। সাম্প্রতিক ঘটনার পর প্রার্থী ও ভোটারদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে, তা ধীরে ধীরে কেটে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের একটি মেইল প্রসেসিং সেন্টারে বিদেশে পাঠানোর জন্য পোস্টাল ব্যালটের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আত্মবিশ্বাসী এবং নির্বাচন আয়োজনের বিষয়ে পিছপা হচ্ছি না। আমরা এগিয়ে যাচ্ছি।”

ভোট উৎসব প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিবেশ সত্ত্বেও নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিকে তিনি সেই উৎসবের অংশ হিসেবে উল্লেখ করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও দায়িত্ব পালনে উৎসাহ ও আনন্দ অনুভব করছেন বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা প্রসঙ্গে সিইসি বলেন, “মানুষের আস্থা রয়েছে। সময় এলেই তা স্পষ্টভাবে দেখা যাবে। দেশবাসী, গণমাধ্যম এবং বড় রাজনৈতিক দলসহ সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।”

তিনি আরও জানান, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতির উদ্দেশে একটি যৌথ বার্তা দেওয়া হয়েছে—সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।

প্রবাসী ও বিশেষ শ্রেণির ভোটাধিকার প্রসঙ্গে সিইসি বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী নাগরিক, নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েদিদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম প্রবাসীদের জন্য এমন উদ্যোগ নেওয়া হলো।

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের একটি মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রথমবার চালু হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিকভাবে এই ব্যবস্থায় নির্বাচন কমিশন সন্তুষ্ট বলেও জানান তিনি।

চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর