ধর্ম নিয়ে মন্তব্যের অভিযোগে

ময়মনসিংহে শ্রমিককে পিটিয়ে হত্যা, অগ্নিসংযোগ

সময়ের চিত্র ডেস্ক:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত একটি শিল্পকারখানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানা-এর পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক।

 

নিহত ব্যক্তির নাম দিপু চন্দ্র দাশ। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। তিনি রবি চন্দ্র দাশের ছেলে।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধর্ম নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে কারখানার ভেতরে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দিপু চন্দ্র দাশকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর