সময়ের চিত্র ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা গেছেন। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এর মধ্যে ছিল— ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব’, ‘এক দফা এক দাবি’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’—সহ আরও নানা রাজনৈতিক স্লোগান।
এদিকে রাতে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর নিশ্চিত করে একটি পোস্ট দেয়। পোস্টে তাকে ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী বিপ্লবী’ হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় প্রথমে তাকে ঢামেকে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।