নিরাপত্তা উদ্বেগে নারায়ণগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

সময়ের চিত্র ডেস্ক:

নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ছিলেন।

 

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত এই আসনের প্রার্থী নিজেই তার সিদ্ধান্তের কথা জানান।

 

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, প্রার্থী হওয়ার পর থেকেই তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। সাম্প্রতিক সময়ে ঢাকায় এক রাজনৈতিক নেতার ওপর গুলিবর্ষণের ঘটনার পর সেই উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের অনুরোধ ও চাপের মুখেই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

 

তিনি আরও বলেন, বিষয়টি দলীয় নেতৃত্বকে অবহিত করার চেষ্টা করলেও এখনো সফল হননি। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনের মাধ্যমেই প্রথমবারের মতো তিনি নিজের সিদ্ধান্ত প্রকাশ করলেন বলে জানান।

 

তবে প্রার্থীর হঠাৎ এ ঘোষণায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনস্থলেই কয়েকজন নেতাকর্মী প্রকাশ্যে আপত্তি জানান।

 

এ সময় মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী বলেন, “এভাবে নেতা-কর্মীদের একা রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আমরা আপনাকে ঘিরে অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলাম।”

 

এছাড়া জিয়া সমাজকল্যাণ পরিষদের মহানগর শাখার সদস্যসচিব নাঈম খন্দকার জানান, ঘোষণার কিছুক্ষণ আগেও মাসুদুজ্জামান একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখান থেকে সরাসরি এসে এমন সিদ্ধান্তের কথা জানানোয় সবাই বিস্মিত হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

 

প্রার্থিতা প্রত্যাহারের এ ঘোষণায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর