আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :
“স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি”—এই শ্লোগানকে ধারণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোকশিখা প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীতশিল্পী শামসুল ইসলাম সুমন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, বাসদ নেতা অ্যাডভোকেট আবুল বাসার মঞ্জু, জাসদ নেতা ইসমাইল হোসেন বাদল, সাংস্কৃতিক সংগঠক সুব্রতা রায়, দুলাল বসু, শাহানুর রহমান, ইমতে আহসান শিলু, শ্যামল ভৌমিক, প্রতিমা চৌধুরী, সাতকুড়ি রায় নিলু, সাংবাদিক আতাউর রহমান বিপ্লব এবং নাট্যশিল্পী মোস্তাফিজার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় পরিকল্পিতভাবে দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে, যাতে সদ্য স্বাধীন বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। শহীদ বুদ্ধিজীবীদের অবদান জাতি কোনোদিন ভুলবে না।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত শপথ গ্রহণ করেন।