সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গত ২৭ তারিখ থেকে খালেদা জিয়া সিসিইউতে আছেন। তিনি চিকিৎসকদের পরামর্শ যথাযথভাবে অনুসরণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন।”
তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনার খোঁজখবর নিচ্ছেন।
এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. জাহিদ। তিনি বলেন, “বাংলাদেশের লাখো মানুষের দোয়ায় বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।”
এদিকে খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয় এবং বাড়ানো হয় পুলিশ পাহারা। হাসপাতাল–সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।