সময়ের চিত্র ডেস্ক:
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা শনিবার (২৯ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
সভায় প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদকে জানান, আরব আমিরাতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে অংশগ্রহণের অভিযোগে আটক থাকা অবশিষ্ট ২৪ বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়া হবে এবং দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরতে পারবেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “গণতান্ত্রিক রূপান্তরের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে সহায়তা দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন। পরবর্তীতে করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, যা সময় সময় নবায়ন করা হয়।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি সম্পূর্ণভাবে মুক্ত হন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল তাকে।
সবশেষ গত রোববার সন্ধ্যায় পুনরায় অসুস্থতা বেড়ে গেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতা
লে ভর্তি করা হয়।