সময়ের চিত্র ডেস্ক:
বরিশাল–ভোলা সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভোলাবাসীর বিভিন্ন সংগঠনের সদস্যরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার পর থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আন্দোলনকারীদের শান্তভাবে সড়ক ছাড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রতিবাদকারীদের মূল দাবি—ভোলা–বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ। দীর্ঘদিন ধরে এসব দাবিতে ভোলা ও ঢাকায় বিভিন্ন কর্মসূচি হয়ে আসছে।
বিকেলে কয়েকশ মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন এবং দাবিগুলো বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন।
এর আগে ১৪ নভেম্বর ভোলায় সফররত সরকারের তিন উপদেষ্টাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে বিক্ষোভ করেন “আমরা–ভোলাবাসী” ব্যানারের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, বৈঠকে ডিসেম্বরেই সেতুর কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হলেও পরে এক উপদেষ্টা জানান যে সেতুর নকশা এখনো অনুমোদনের অপেক্ষায় আছে—এতে ক্ষোভ বাড়ে আন্দোলনকারীদের মধ্যে।
সেদিনই ভোলা থেকে সেতু ভবন অভিমুখে লংমার্চে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী তেতুলিয়া নদী সাঁতরে বরিশালে পৌঁছান, এ সময় দীর্ঘ সাঁতার কাটতে গিয়ে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।