ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

সময়ের চিত্র ডেস্ক:

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর–উত্তরপশ্চিম দিকে এগিয়ে চলছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সকাল ৬টায় এর অবস্থান ছিল—চট্টগ্রাম বন্দর থেকে ১৯৫৫ কিমি, কক্সবাজার থেকে ১৯০০ কিমি, মোংলা থেকে ১৮৪৫ কিমি এবং পায়রা বন্দর থেকে ১৮৪০ কিমি দক্ষিণ–পশ্চিমে।

 

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এতে ঘূর্ণিঝড়ের কেন্দ্রসংলগ্ন সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

 

পরিস্থিতির অবনতি রোধে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যেতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আপাতত উত্তর–উত্তরপশ্চিমমুখী হয়ে অগ্রসর হতে থাকবে।

এই বিভাগের আরো খবর