কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পানি সংকটে ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

 

মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে বস্তির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হলেও ছড়িয়ে থাকা অগ্নিকণা সম্পূর্ণ নিভতে ভোর পর্যন্ত কাজ চলেছে।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে পানি সরবরাহে সমস্যা থাকায় আগুন নেভাতে দীর্ঘ বিলম্ব হয়। রাত সাড়ে ৭টার দিকে বৌবাজার সংলগ্ন নালায় সেচপাম্প বসিয়ে বিকল্প পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

 

এখনও পর্যন্ত ঠিক কতটি ঘর বা কত মানুষের পুঁজি ক্ষতিগ্রস্ত হয়েছে—তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুনের উৎস কী ছিল—তাও তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

এই বিভাগের আরো খবর