জুলাই হত্যাকাণ্ড মামলায় পাঁচ অভিযোগে প্রথম রায় আজ

সময়ের চিত্র ডেস্ক :

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় প্রথম রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

আজ সোমবার বেলা ১১টায় বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ রায় পড়া হবে। রায়ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

 

এ মামলার তিন আসামি হলেন—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে পলাতক এবং ভারতে অবস্থান করছেন। মামলার পাঁচটি অভিযোগই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধকে কেন্দ্র করে।

 

মামলার অভিযোগগুলো হলো—

 

১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান

 

 

আন্দোলনকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ

 

 

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা

 

 

রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা

 

আশুলিয়ায় ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যা

 

 

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এই পাঁচ অভিযোগে অভিযোগ গঠন করে। সেদিনই সাবেক আইজিপি মামুন আদালতে স্বীকারোক্তি দিয়ে ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন জানান।

 

মামলাটি শুরু হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠনের মধ্য দিয়ে। ২০২৪ সালের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম কার্যদিবসে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ মার্চ মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

 

তদন্ত শেষে গত ১২ মে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপর ১২ অক্টোবর যুক্তিতর্ক শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয়। মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের খালাস আবেদন করেন। রাজসাক্ষী মামুনের আইনজীবীও একই আবেদন জানান।

 

আজ ট্রাইব্যুনাল–১ এ মামলার রায় ঘোষণা করবে।

এই বিভাগের আরো খবর