দাবি পূরণ না হলে ১১ নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার

সময়ের চিত্র ডেস্ক:

জাতীয় নির্বাচনের আগে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এসব দাবি পূরণ না হলে আগামী ১১ নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

স্মারকলিপি প্রদান শেষে আট দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন গোলাম পরওয়ার।

 

এই যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামীর পাশাপাশি আরও সাতটি দল অংশ নিচ্ছে— ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

 

গোলাম পরওয়ার বলেন, “আগামী ১১ নভেম্বর আমরা ঢাকায় মহাসমাবেশ করব। আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকার দ্রুত সিদ্ধান্ত না নিলে, সেদিন ঢাকার দৃশ্য ভিন্ন হবে।”

 

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি জানান, প্রথমে তা গ্রহণে কার্যালয়ের মহাপরিচালক নিযুক্ত থাকলেও আন্দোলনরত পক্ষের অনুরোধে শেষ পর্যন্ত শিল্প উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার নির্দেশে স্মারকলিপি গ্রহণ করেন।

 

তিনি আরও জানান, “আমরা শিল্প উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তিনি আমাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।”

 

প্রেস ব্রিফিংয়ে আট দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে গোলাম পরওয়ার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

 

জোটের পাঁচ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও চলতি মাসেই গণভোটের আয়োজন।

২. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. জাতীয় পার্টি ও ১৪-দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এই বিভাগের আরো খবর