আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ঘোরাফেরার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সরকার। তারা এটিকে সরাসরি সামরিক উসকানি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনোর দাবি, অন্তত পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে তাদের সীমান্তের কাছাকাছি উড়তে দেখা গেছে। তিনি বলেন, “আমরা সবকিছু পর্যবেক্ষণে রেখেছি। ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখানো যাবে না।”
সরকারি সূত্র জানায়, এই যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত হয়। যদিও এটি সরাসরি আকাশসীমা (২২ কিলোমিটার) লঙ্ঘনের মধ্যে পড়ে না, তবুও দেশটি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করছে এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে।
যৌথ বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে— “ক্যারিবীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার মতো যুদ্ধবাজ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।”