গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে দুইজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।

 

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল জানান, “এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

 

দুর্ঘটনার পর পুলিশ বাস ও ইজিবাইকটি জব্দ করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর