দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি জরুরি: ফারুক ই আজম

সময়ের চিত্র রিপোর্ট:

দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বা ঝুঁকি কমিয়ে আনা এখন বেশি প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত “অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের মতো দুর্যোগ এখন ঘনঘন দেখা দিচ্ছে। এর প্রভাব অর্থনীতি থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত ছড়িয়ে পড়ছে। উন্নত প্রস্তুতির কারণে প্রাণহানি আগের তুলনায় কম হলেও জীবিকা ও সম্পদের ক্ষতি এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

 

তিনি বলেন, “অ্যান্টিসিপেটরি অ্যাকশন শুধু পূর্বাভাস নয়, বরং সেই পূর্বাভাসের ভিত্তিতে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করা। সংকট আসার আগে ব্যবস্থা নেওয়াই মূল বিষয়। এ ধারণাই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলেছে।”

 

ফারুক ই আজম আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বাস্তবভিত্তিক, মানুষকেন্দ্রিক, স্থানীয় নেতৃত্বাধীন ও কমিউনিটি-ভিত্তিক। একমাত্র এভাবেই ক্ষতি কমিয়ে দুর্বল জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা করা সম্ভব। তিনি আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সময়মতো সঠিক সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় তিনি সংলাপ প্ল্যাটফর্মটিকে অভিজ্ঞতা বিনিময় ও নতুন ধারণা উদ্ভাবনের একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন। চলতি বছরের থিম হলো—“বহুমুখী ঝুঁকির প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও স্থানীয় নেতৃত্বাধীন অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিশ্চিত করা।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর মোঃ আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড ও অ্যাকশন এগেইনস্ট হ্যাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর মোঃ আকমাল শরীফ।

এই বিভাগের আরো খবর