সময়ের চিত্র ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। সেইসঙ্গে এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ঘটল বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে তাহেরী বলেন, আমি দেখেছি, নুরাল পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কুফরি করে থাকে, সে যদি একদিন করে থাকে, একমাস করে থাকে, আপনি একজন মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেপ্তার করানো। কিন্তু সেই নুরাল পাগলা যখন মারা গেল, কবরের ভেতরে তাকে লাঠি দিয়ে আঘাত করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন। বের করার পর তার লাশকে নিয়ে উল্লাস করতে করতে আল্লাহু আকবর, নারায়ে তাকবীর, স্লোগান দিয়ে দিয়ে আপনারা তার লাশটাকে পুড়িয়ে দিলেন।
তিনি আরও বলেন, এখানে যারা আছেন ৫০ বছরের মানুষ আছে, ৬০ বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে, আপনারা কেউ কোনোদিন দেখেছেন, কবর থেকে লাশ তুলে, মুসলমানের লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? আমরা কি বাংলাদেশ দেখছি, আমরা কি দেখছি?