জাগপার সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত

সময়ের চিত্র ডেস্ক:

 

ঢাকার বিজয়নগরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সড়ক পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

 

জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, রাতের বৈঠক শেষে গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে বের হওয়ার পর এ হামলা ঘটে। এ সময় লুৎফুর রহমান গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

 

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের ওপর হামলা একটি গভীর ষড়যন্ত্রের অংশ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

এদিকে রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার হাসপাতালে গিয়ে লুৎফুর রহমানের খোঁজখবর নেন। জানা গেছে, লুৎফুর রহমানের নেতৃত্বাধীন জাগপার এই অংশ বর্তমানে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে যুক্ত।

এই বিভাগের আরো খবর