সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের একজন চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে মারাত্মক আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক আরও বলেন, “আগামী ৪৮ ঘণ্টা পার না হলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”
এর আগে রাত ১১টার দিকে নুরকে হাসপাতালে আনা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল হাসপাতালে এসে তার খোঁজ নেন। তবে আসিফ নজরুলকে ঘিরে হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্লোগান দেন।
শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুর ও তার সহকর্মীরা। সেসময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুর গুরুতর আহত হন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন—
“আমরা শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হয়েছেন।”
এই ঘটনায় সাংবাদিকসহ আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।