জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষে সেনা-পুলিশের হস্তক্ষেপ, আইএসপিআরের ব্যাখ্যা

সময়ের চিত্র ডেস্ক:

 

রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ৮টার দিকে কাকরাইলে দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন।

 

প্রথমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু সংঘর্ষ বাড়তে থাকায় সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়। পুলিশের ওপরও হামলা চালানো হয়, এতে কয়েকজন সদস্য আহত হন।

 

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী বারবার উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায় এবং শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু কিছু নেতা-কর্মী সেই অনুরোধ উপেক্ষা করে সংঘবদ্ধভাবে সহিংসতা ছড়িয়ে দেয়। রাত ৯টার দিকে মশাল মিছিল ও ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এমনকি বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

 

সংঘর্ষের কারণে বিজয়নগর, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। জনদুর্ভোগ বেড়ে গেলে জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সেনাবাহিনী এই অবস্থানকে পুনর্ব্যক্ত করে জানিয়েছে— জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

এই বিভাগের আরো খবর