ভোটের রোডম্যাপে আশাবাদী বিএনপি

সময়ের চিত্র ডেস্ক:

নির্বাচন কমিশনের “ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এ রোডম্যাপ বিএনপিকে আশাবাদী করেছে।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে, এতে বোঝা যাচ্ছে কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আমরা এটিকে আশাবাদের বার্তা হিসেবে দেখছি।”

 

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, এ রোডম্যাপকে তিনি জনগণের জন্য একটি সুসংবাদ হিসেবেই দেখছেন।

 

এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। আগের দিন কমিশন সভায় এ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। রোডম্যাপে দুই ডজন কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ কার্যক্রম, বাজেট বরাদ্দ, প্রচারণা কার্যক্রম এবং সমন্বয় বৈঠক।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখছেন। বৃহস্পতিবার ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজকের রোডম্যাপ জনগণের জন্য সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হবে।”

 

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচনের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং য়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এই বিভাগের আরো খবর