‘কমপ্লিট শাটডাউন’ অব্যাহত রেখে নতুন কর্মসূচি ঘোষণা প্রকৌশল অধিকার আন্দোলনের 

নিজস্ব প্রতিবেদক:

 

দেশের সব সরকারি ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলন। পাশাপাশি নতুন কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় ও জাতীয় সম্মেলনেরও ঘোষণা দেওয়া হয়েছে।

 

রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. ওয়ালি উল্লাহ বলেন,

“আমাদের কর্মসূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে। সারাদেশের ক্যাম্পাসগুলোতে শাটডাউন বহাল থাকবে।”

 

সংবাদ সম্মেলনে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যে বৈষম্যের চিত্র তুলে ধরা হয়। বক্তাদের অভিযোগ—সরকারি চাকরিতে ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ নেই, যা অন্যায়।

 

আন্দোলনকারীদের তিন দফা দাবি:

 

১. ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।

২. ১০ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীদের নয়, উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দেওয়া।

৩. ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য সীমাবদ্ধ রাখা।

 

এর আগে বুয়েট শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। বুধবার দুপুরে শাহবাগ মোড়ে অবরোধকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। এতে বহু শিক্ষার্থী আহত হন। পরে বিকেল থেকে রাত অবধি অবরোধ চলার পর রাতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি কার্যকর করা হয়।

 

মো. ওয়ালি উল্লাহ জানান, চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং আগামী সপ্তাহে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন,“আমরা জনদুর্ভোগ এড়াতে সচেষ্ট। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

 

 

এই বিভাগের আরো খবর