প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির সমাধানে কাজ করছে সরকার: ফাওজুল কবির

সময়ের চিত্র ডেস্ক:

বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত সমস্যাগুলোর যৌক্তিক সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার মতে, সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে, তাই নতুন কর্মসূচির প্রয়োজন নেই।

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে গঠিত যাচাই ও সুপারিশ প্রণয়ন কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ-জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

 

ফাওজুল কবির বলেন, “সরকার ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আন্দোলনের পরিবর্তে আমাদের কিছুটা সময় দিতে হবে। আমরা তিন ধাপে আলোচনা করব—প্রথমত আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে, দ্বিতীয়ত অভিভাবকদের সঙ্গে, এবং তৃতীয়ত সরকারি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে।”

 

তিনি জানান, একপক্ষের ৩ দফা এবং অন্যপক্ষের ৭ দফা দাবি রয়েছে। উভয় পক্ষের মধ্যে সমন্বয় ঘটিয়ে ন্যায্য সমাধান বের করাই সরকারের লক্ষ্য।

 

কমিটির অপর সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আমরা সব দিক পর্যালোচনা করে সুপারিশ তৈরি করব এবং তা সংশ্লিষ্ট মহলে উপস্থাপন করব।”

এই বিভাগের আরো খবর